দুর্দান্ত ফ্রি কিকে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম গোল করলেন কেভিন পিনা। উল্লাসে ফেটে পড়ল কেপ ভার্দে।
খবর প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

দুর্দান্ত ফ্রি কিকে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম গোল করলেন কেভিন পিনা। উল্লাসে ফেটে পড়ল কেপ ভার্দে।
তবে নাটকীয়তার তখনো বাকি। আরেকটি গোল করে, আরেকটি স্মরণীয় পারফরম্যান্সে, আবারো পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে।
ফ্লোরিডার মায়ামিতে আজ (২২ জুন) ভোরে ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
টানা দুই ম্যাচে পয়েন্ট কেড়ে নকআউটে পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকল আফ্রিকার দেশটি।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দ তিনে আছে।
ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ১৭ শট নিয়ে শুধু দুটি লক্ষ্যে রাখতে পেরেছে উরুগুয়ে। কেপ ভার্দের ১২ শটের চারটি লক্ষ্যে ছিল।
শুরু থেকে উরুগুয়ে বল দখলে এগিয়ে থাকলেও ভোজিনিয়ার পরীক্ষা নিতে পারছিল না তারা। ২৩ মিনিটে চমক জাগিয়ে এগিয়ে যায় কেপ ভার্দ।
৪৪ মিনিটে প্রথম কোনো প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে এবং তা থেকেই সমতা ফেরায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাক্সি আরাউহো ডাইভিং হেডে ফাঁকা জালে বল পাঠান। সৌদি আরবের বিপক্ষেও দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি।
সেই রেশ থাকতেই প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে এবং এই গোলেও অবদান রাখেন মাক্সি আরাউহো। মানুয়েল উগার্তের ক্রসে তার হেড পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে ভলিতে ঠিকানা খুঁজে নেন আউতি কানোবিও।
৬১ মিনিটে কেপ ভার্দের আরেকটি চমকে স্কোরলাইন হয় ২-২। যদিও নিজেদের ভুলেই গোলটি হজম করে উরুগুয়ে। ডিফেন্ডার মাতিয়াস অলিভেরার দুর্বল ব্যাক পাস ক্লিয়ার করার জন্য বক্সের অনেকটা বাইরে বেরিয়ে আসেন গোলকিপার ফার্নান্দো মুসলেরা। কিন্তু তার সামনে থেকে ছোঁ মেরে বল নিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল জালে পাঠিয়ে দেন বদলি নামা এলিও ভারেলা।