Shibbir Ahmed প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

শিব্বীর আহমেদ, জাতিসংঘ, নিউ ইয়র্ক: জাতিসংঘের সামনে ২০ এপ্রিল দুপুরে বড় ধরনের একটি বিক্ষোভ-র্যালি থেকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের নিন্দা-প্রতিবাদ এবং অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারেক রহমানের নেতৃত্বাধীন জামায়াত-বিএনপি সরকার উৎখাতের দুর্বার আন্দোলনের হুমকি দেয়া হয়। একইসাথে বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসের উত্থানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং জাতিসংঘের হস্তক্ষেপও কামনা করেন এই কমসূচির মূল আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর।
আওয়ামী পরিবারসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃকর্মীর মধ্যে আরো বক্তব্য রাখেন সংঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক শেখ আতিক, আওয়ামী লীগ নেতা এম এ করিম জাহাঙ্গির, হাকিকুল ইসলাম খোকন, এডভোকেট শাহ বখতিয়ার, সোলায়মান আলী, সাখাওয়াত আলী, এডভোকেট রকিবউদ্দিন দুলাল, এডভোকেট মোর্শেদা জামান, রুমানা আক্তার, বাকের ভূইয়া, শেখ হাসিনা মঞ্চের নেতা জালাল উদ্দিন জলিল, যুবলীগ নেতা তারেকুল হায়দার চৌধুরী, শেখ জামাল, শ্রমিক লীগ নেতা জুয়েল আহমেদ, ছাত্রলীগের নেতা শহীদুল ইসলাম, হৃদয় মিয়া প্রমুখ।
এ সময় ড. প্রদীপ কর ঘোষণা দেন , বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইন বাতিলের দাবি আদায়ে স্টেট ডিপার্টমেন্টের সামনে ৪ মে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মানববন্ধন করা হবে। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করেন প্রদীপ কর। উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব বরাবরেও একটি স্মারকলিপি দেয়া হয়েছে বিক্ষোভ-সমাবেশের পর।

এদিকে আগামী ৩০ এপ্রিল দুপুর ১২টায় আওয়ামী লীগ নিষিদ্ধ আইন পাশের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগ।