NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

গোল করে রিয়ালকে জিতিয়ে আলনসোর চাকরি বাঁচালেন রদ্রিগো


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

গোল করে রিয়ালকে জিতিয়ে আলনসোর চাকরি বাঁচালেন রদ্রিগো

লা লিগায় আলাভেসের মাঠে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে চারে নেমে এসেছে। তবে এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোচ শাবি আলনসো। ব্রাজিল তারকা রদ্রিগো গোয়েজের গোলে পাওয়া এই ২-১ ব্যবধানের জয়ের ফলে যে তার চাকরিও বেঁচে গেছে, আপাতত!

টানা দুই ম্যাচে সেল্তা ভিগো ও ম্যানচেস্টার সিটির কাছে হারের পর বড় চাপে ছিলেন রিয়ালের কোচ শাবি আলনসো। এতটাই চাপে যে তাকে সংবাদ সম্মেলনে তার সম্ভাব্য বদলি কোচ আলভারো আরবেলোয়াকে নিয়েও প্রশ্ন সামলাতে হয়েছিল। আলাভেসের বিপক্ষে আরেকটি হার হলে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ত।

অক্টোবরে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে ছিল রিয়াল। তখন তাদের লিড ছিল পাঁচ পয়েন্ট। এরপর এলচে ও রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র সহ কয়েকটি খারাপ ফল আসে। এতে করে হানসি ফ্লিকের বার্সা শীর্ষে উঠে যায়।

আলাভেসের বিপক্ষে এই ম্যাচে পয়েন্ট খোয়ালে বিপদ আরও বাড়ত, সঙ্গে আলনসোরও বিদায়ঘণ্টা বেজে যেত এমনটাই শোনা যাচ্ছিল। সেই ম্যাচে শুরু থেকে রিয়াল ছন্দে ছিল। ২৪ মিনিটে এগিয়েও যায়। কিলিয়ান এমবাপ্পে জুড বেলিংহামের পাস ধরে বক্সে ঢুকে জোরালো শটে বল জালে পাঠান। চলতি লিগে এটি এমবাপ্পের ১৭তম গোল। গত বছরের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে তার মোট গোল এখন ৭০টি।

৬৮ মিনিটে সমতা ফেরায় আলাভেস। বদলি নামার এক মিনিটের মধ্যেই কার্লোস ভিসেন্তে গোল করেন। তিনি আন্তোনিও ব্লাঙ্কোর লম্বা বল নিয়ন্ত্রণ করে গোলরক্ষক থিবো কুর্তোয়ার পাশ দিয়ে বল জালে পাঠান।

৭৬ মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। রদ্রিগো গোয়েজ বক্সে ঢুকে কাছ থেকে গোল করেন। অ্যাসিস্ট দেন ভিনি জুনিয়র। এই জয়ে বড় স্বস্তি পেয়েছেন কোচ আলোনসো। লিগে রিয়ালের পরের ম্যাচ শনিবার। সান্তিয়াগো বার্নাব্যুতে তারা মুখোমুখি হবে সেভিয়ার।