NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৫ পিএম

ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস

ইতালিতে বাংলাদেশি কর্মীদের দীর্ঘমেয়াদী ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন জোরদার করার প্রতি রোমের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠককালে তিনি এই আশ্বাস দেন।

এসময় তারা বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসীদের সমস্যা ও সংকট মোকাবিলায় যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 

বৈঠকে উভয় পক্ষই দুই দেশের অর্থনীতিতে ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে।

১৯৭২ সাল থেকে দুই দেশের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালি সরকারের দৃঢ় সমর্থনের কথা অবহিত করেন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এর চলমান সংস্কার উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন, বিশেষত টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। 

এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে কৃষি খাতে, ইতালির অধিকতর বিনিয়োগের আহ্বান জানান।

 

তিনি আরো জানান, বর্তমান সরকার, বিশেষত বিডা বিদেশী বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ করে বাংলাদেশে একটি উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করছে।

বাংলাদেশ প্রতিরক্ষা উপকরণের উৎসের বৈচিত্র্য আনতে চায় উল্লেখ করে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

উপমন্ত্রী ত্রিপোদি কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশের উদার আতিথেয়তার প্রশংসা করেন এবং ইতালির অব্যাহত মানবিক ও রাজনৈতিক সহায়তা পুনর্ব্যক্ত করেন।

মিয়ানমারের ভেতরে সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে টেকসই প্রত্যাবর্তনই এই সমস্যার একমাত্র সমাধান।

ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি কোনও ইইউ দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।