NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিরিয়ায় ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে’ সমর্থন দেবে ৮ আরব দেশ


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪২ পিএম

সিরিয়ায় ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে’ সমর্থন দেবে ৮ আরব দেশ

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া’ নিশ্চিত করার লক্ষ্যে একমত হয়েছে আট আরব দেশ। শনিবার (১৪ ডিসেম্বর) জর্ডানের আকাবা শহরে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা।

সৌদি আরব, জর্ডান, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, নতুন সিরীয় সরকারে ‘সব রাজনৈতিক ও সামাজিক শক্তির’ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ‘জাতিগত, সাম্প্রদায়িক বা ধর্মীয় বৈষম্য’ রোধের এবং ‘সব নাগরিকের জন্য ন্যায়বিচার ও সমতা’ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।

 

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে জাতিসংঘ ও আরব লীগের সহযোগিতায় এগিয়ে নিতে হবে। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৫৪-এর আলোকে পরিচালিত হবে, যেখানে একটি আলোচনাভিত্তিক সমাধানের রূপরেখা উল্লেখ করা হয়েছে।

 

এছাড়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন আরব দেশগুলোর কূটনীতিকরা।

এদিন আকাবায় আরেকটি বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গাইর পেডারসেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাইজা কালাস এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অংশ নেন। ওই বৈঠকেও একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানানো হয়, যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে এবং সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয় হতে দেবে না।

সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সশস্ত্র অভিযানে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিদ্রোহীদের গঠিত অন্তর্বর্তী সরকার আশ্বাস দিয়েছে, দেশটিতে সব নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

 

সিরিয়ান অ্যাসোসিয়েশন ফর সিটিজেনস ডিগনিটির পরিচালক লাবিব আল-নাহাস বলেন, সিরিয়ার ভবিষ্যৎ সরকার অন্তর্ভুক্তিমূলক হওয়া জরুরি। তার মতে, সিরিয়ায় সংকটের মূল কারণ ছিল এক দলের দীর্ঘ শাসন। এটি যেন আর না ঘটে।

সূত্র: আল-জাজিরা