যুক্তরাজ্যের লন্ডনে কর্মরত এক ইরানি সাংবাদিককে ছুরিকাঘাত করার দায়ে দুই রোমানীয় নাগরিককে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত। প্রসিকিউটরদের মতে, দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিরা ইরান সরকারের ‘প্রক্সি’ বা ভাড়াটে শক্তি হিসেবে এই হামলা চালিয়েছিল।
গত ২০২৪ সালের মার্চ মাসে দক্ষিণ-পশ্চিম লন্ডনে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন পুরিয়া জারাতিফুকোলাই (পুরিয়া জেরাতি)। তিনি ইরান সরকারের সমালোচক হিসেবে পরিচিত এবং সৌদি অর্থায়নে পরিচালিত টেলিভিশন মাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর একজন ব্রিটিশ-ইরানি সাংবাদিক। হামলার সময় তার পায়ে তিনবার ছুরিকাঘাত করা হয়েছিল। লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার (৩ জুলাই) বিচারক ববি চিমা-গ্রাব এই রায় ঘোষণা করেন।
অভিযুক্তরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেও গত জুনে তারা দোষী সাব্যস্ত হন। রায় ঘোষণার সময় বিচারক স্পষ্ট করে বলেন, এই হামলাটি যে একটি বিদেশি শক্তির স্বার্থে চালানো হয়েছিল, সে বিষয়ে আদালত পুরোপুরি নিশ্চিত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডানকান অ্যাটকিনসন জুরিদের জানান, ইরান রাষ্ট্রের পক্ষে কাজ করা একটি তৃতীয় পক্ষ এই হামলার নির্দেশ দিয়েছিল।
আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তাদের মুখপাত্র বলেন, মামলাটির নিষ্পত্তি হওয়ায় আমরা আনন্দিত।


