মাল্টার খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক ড্যাফনি কারুয়ানা গালিজিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী ইয়র্গেন ফেনেকের বিচার শুরু হয়েছে। ২০১৭ সালে গাড়িতে বোমা হামলায় নিহত হন কারুয়ানা গালিজিয়া।
বুধবার মাল্টার রাজধানী ভ্যালেটার একটি আদালতে ৪৪ বছর বয়সী ব্যবসায়ী ইয়র্গেন ফেনেকের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলার শুনানির জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। ফেনেকের বিরুদ্ধে অভিযোগ, তিনি পরিকল্পিতভাবে সাংবাদিক ড্যাফনি কারুয়ানা গালিজিয়াকে হত্যার ষড়যন্ত্রে অংশ নেন এবং হত্যার উদ্দেশ্যে গঠিত একটি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।
মাল্টার সংবাদমাধ্যম 'টাইমস অব মাল্টা' জানিয়েছে, বিচার শুরুর সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত সাংবাদিকের পরিবারের সদস্যরা। কারুয়ানা গালিজিয়ার তিন ছেলেও আদালতে ছিলেন।
এ মামলায় এর আগেও কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২২ সালে দুই ভাই জর্জ ডেজিওর্জিও ও আলফ্রেড ডেজিওর্জিওকে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০২৫ সালে রবার্ট আজিয়ুস ও জেমি ভেলাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বোমা সরবরাহের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া একই মামলায় দোষ স্বীকার করে তদন্তে সহযোগিতা ও সাক্ষ্য দেওয়ার বিনিময়ে ভিনসেন্ট মুসকাট ক্ষমা পান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বহুল আলোচিত এই মামলার বিচার কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।


