যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ভূমিতে থাকা একটি অগ্নিনির্বাপক গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুর্ঘটনায় উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, একটি বিমান এবং নিউইয়র্ক পোর্ট অথরিটির একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পাইলট ও কো-পাইলট গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া একজন সার্জেন্ট ও একজন পুলিশ কর্মকর্তার হাত-পা ভেঙেছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল আছেন। আর কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে দাঁড়িয়ে আছে। ককপিট ওপরের দিকে উঁচু এবং সামনের ফিউজেলাজের নিচের অংশ ক্ষতিগ্রস্ত। সূত্রমতে, বন্দর কর্তৃপক্ষের গাড়িটি ছিল একটি অগ্নিনির্বাপক গাড়ি। সেটি পুলিশ কর্মকর্তারা চালাচ্ছিলেন।
সূত্রগুলো আরো জানায়, বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।


