যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সম্প্রতি হামের সংক্রমণ নিয়ে একটি উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম আট সপ্তাহেই দেশটিতে হামে আক্রান্তের সংখ্যা ১,১০০ ছাড়িয়ে গেছে, যা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে চিহ্নিত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকার প্রতি অনীহাই এই সংকটের প্রধান কারণ।
সিডিসির তথ্য অনুযায়ী, ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে মোট ১,১৩৬টি হামের ঘটনা রেকর্ড করা হয়েছে।
ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ ডঃ উইলিয়াম শ্যাফনার এই পরিস্থিতিকে ‘অশুভ ও হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন।
পরিসংখ্যান বলছে, হামে আক্রান্ত প্রতি ১,০০০ শিশুর মধ্যে একজনের মস্তিষ্কে বিপজ্জনক প্রদাহ হতে পারে। এ ছাড়া প্রতি ১,০০০ আক্রান্তের মধ্যে ৩ জনের মৃত্যুর আশঙ্কা থাকে। গত বছর যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে টেক্সাসের দুই শিশু এবং নিউ মেক্সিকোর একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে হাম ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দক্ষিণ ক্যারোলিনা, ফ্লোরিডা ও উত্তর ক্যারোলিনায় বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দক্ষিণ ক্যারোলিনাতে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ৯৮৫ জন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের কিছু স্বাস্থ্যকেন্দ্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্লোরিডায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এখানে দ্রুত সংক্রমণ বাড়ছে, যেখানে গত এক মাসে অন্তত ৮৩ জন আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকদের মতে, অভিভাবকরা রোগের চেয়ে টিকাকে বেশি ভয় পাচ্ছেন বলেই এই বিপর্যয় ঘটছে। ডা. পল অফিট সতর্ক করে বলেছেন, টিকা দিয়ে প্রতিরোধ করা যায় এমন রোগে শিশুদের মৃত্যু হওয়াটা অত্যন্ত অযৌক্তিক। বিশেষজ্ঞরা সকল অভিভাবককে তাদের পারিবারিক চিকিৎসকের সাথে পরামর্শ করে শিশুদের টিকার ডোজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
২০০০ সালে যুক্তরাষ্ট্রকে ‘হাম মুক্ত দেশ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমান এই লাগামহীন সংক্রমণ সেই মর্যাদাকে এখন বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।


