রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে মঙ্গলবার বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক ব্যক্তি একটি পুলিশ টহল গাড়ির পাশে এই বিস্ফোরণ ঘটালে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এই হামলায় আরো দুই ব্যক্তি আহত হন।

 

 

মন্ত্রণালয়ের টেলিগ্রামের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে সাভিওলোভস্কি রেলস্টেশন চত্বরে এই বিস্ফোরণ ঘটে।

মস্কোর উত্তরাঞ্চলে অবস্থিত সাভিওলোভস্কি স্টেশন রাজধানীর প্রধান রেলকেন্দ্রগুলোর একটি।

বিবৃতিতে আরো বলা হয়, হামলাকারী ট্রাফিক পুলিশের সদস্যদের টহল গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। তারা তখন গাড়ির ভেতরে বসে ছিলেন।

এরপর বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়।

 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, লক্ষ্যবস্তু টহল গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে আগুন ধরে যায়নি।

 

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রেললাইনের পাশে কাচের জানালা ভাঙা একটি পুলিশের গাড়ি দেখা গেছে। 

ঘটনার পর পুলিশ এলাকাটিকে ঘিরে ফেলে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স দেখা যায়।

প্রথমে মন্ত্রণালয় জানিয়েছিল, হামলাকারী পালিয়ে গেছে। 

তবে কয়েক মিনিট পর জানানো হয়, ঘটনাস্থল পরিদর্শন ও নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পর, ওই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া গেছে।

 

 

বিস্ফোরকের ধরন বা হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রধান অপরাধ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি অব রাশিয়া জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যাচেষ্টা ও অবৈধভাবে বিস্ফোরক রাখার অভিযোগে মামলা করা হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে দক্ষিণ মস্কোতে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামানোর সময় বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। 

ঘটনাস্থলটি সেই জায়গার কাছেই, যেখানে কয়েকদিন আগে এক রুশ জেনারেল নিহত হয়েছিলেন।

ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর আক্রমনের চার বছরব্যাপী যুদ্ধ চলাকালে রাশিয়ার ভূখণ্ডে সেনা কর্মকর্তাদের ওপর ধারাবাহিকভাবে হামলা ঘটেছে।

এ মাসের শুরুর দিকে রাশিয়ার এক শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে আহত করা হয়। 

এই হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে মস্কো।