রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিরোধী নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ। তিনি জানান, বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে বিরোধী নেতৃত্বের আলোচনার যে সাংসদীয় রীতি বহুদিন ধরে বজায় ছিল, সেটি বর্তমান সরকার ইচ্ছে করে ভেঙে দিচ্ছে।
সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রাহুল বলেন, ‘বাজপেয়ী থেকে শুরু করে মনমোহন সিংয়ের সময়েও এই প্রথা ছিল। বিদেশি নেতারা এলে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতেন।
রাহুলের দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী দুজনেই একপ্রকার চাপ তৈরি করেন, যাতে অতিথিরা বিরোধী দলের সঙ্গে দেখা না করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকার এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ পর্যন্ত করতে দিচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট পুতিন দিল্লি পৌঁছেন। প্রটোকল ভেঙে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি নিজেই। লাল কার্পেটে দাঁড়িয়ে পুতিনকে বুকে জড়িয়ে ধরেন।
তবে রাহুল গান্ধীর অভিযোগ উড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, পুতিনের পুরো সফরটিতে সরকারি কর্মকর্তা এবং সংস্থার সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। এর বাইরে অন্য কোনো কর্মসূচি বা রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সেই অতিথির ওপরেই নির্ভর করছে।


