মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক এবার বাংলাদেশ ও নেপাল। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি আজ প্রকাশ করেছে আইসিসি।
নেপালের কীর্তিপুর ও মূলপানিতে গ্রুপ পর্ব ও সুপার সিক্সের কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে বাংলাদেশের দুটি ভেন্যু এবং নেপালের দুটি ভেন্যুতে এই বিশ্বকাপের মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনালের পাশাপাশি ৪ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনালও চট্টগ্রামে হবে। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু ফাইনাল ও সেমিফাইনালের জন্য।
টুর্নামেন্টে উদ্বোধনী দিনে মোট ৮টি দল মাঠে নামবে। সিলেটে ও মূলপানিতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধনী দিনে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট এবং দুপুর ১টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, আরব আমিরাত ও নাইজেরিয়া।


