এমপি হাসনাত আব্দুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আব্দুল্লাহর উদ্দেশে এ আহ্বান জানান স্পিকার।
বিরোধী দলের অভিযোগ, জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস করেছে। এর প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও পাল্টা জবাব দেন। এ নিয়ে উভয় পক্ষে প্রায় ৪০ মিনিট বিতর্ক হয়।
দুই পক্ষের বিতর্কের মাঝামাঝিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন।
এসময় স্পিকার হাসনাত আব্দুল্লাহর উদ্দেশে বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ।
স্পিকার আরো বলেন, ‘মৌখিক কথাবার্তার স্কোপ (সুযোগ) খুবই কম। নোটিশ দিবেন উইল অ্যাডুডিকেট অন দ্য নোটিসেস (নোটিশগুলোর বিষয়ে বিচার করা হবে)। এখন প্রশ্ন হলো মাননীয় আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, ‘আরেকটি কথা হলো যে, সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই এসেছে। ৭৭, ৭৮ জন বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং আমরা এই স্পিরিট অফ কোঅপারেশন নিয়ে সামনে এগোতে চাই। আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলের সংশোধনী আনা যাবে।’


