‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানে আগামী শনিবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেন দলের উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
সংবাদ সম্মেলন আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে ঢাকার ধানমন্ডিতে আবাহনী মাঠে এনসিপির ইফতার মাহফিল আয়োজন করা হবে। সেখানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অসংখ্য সহযোদ্ধা, বন্ধু ও সাংবাদিকদের নিয়ে দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে ইফতার করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে বিভাগীয় এবং ৩ মার্চ কুমিল্লায় ইফতার মাহফিল করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছে এনসিপি। এনসিপির নেতা, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও গুণীজনেরা এসব ইফতারে অংশ নেবেন বলে তারা জানিয়েছে। সংবাদ সম্মেলনের পর এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, ১৩ মার্চ দলের ঢাকা মহানগর উত্তর ও ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ইফতার মাহফিল হবে।
উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।


