Shibbir Ahmed প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

ওয়াশিংটন ডিসি: দ্বিপাক্ষিক বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ২০২৬ সালের সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৩ থেকে ৬ মে পর্যন্ত চলা এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসায়িক সেবা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতের ২৫ জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নিচ্ছেন।
মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিকের আয়োজনে এই সম্মেলনকে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এর মাধ্যমে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর সংযোগ স্থাপন করা হয়, যা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে।
এবারের সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে। সম্মেলনে তুলে ধরা হবে, কীভাবে বৈদেশিক বিনিয়োগ যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।